নেতৃত্বে অনাস্থা ও তোষামোদির অভিযোগ: বঙ্গ সিপিএমে তীব্র অন্তর্কলহ

সিপিএমের অন্দরে কোন্দল চরম আকার ধারণ করায় কার্যত আড়াআড়ি বিভক্ত হয়ে পড়েছে রাজ্য নেতৃত্ব। রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বিরুদ্ধে তোষামোদকারী রাজনীতি ও একনায়কতন্ত্রের অভিযোগ তুলে দল ছেড়েছেন যুবনেতা প্রতীক উর রহমান। তাঁর দাবি, গঠনতন্ত্র উপেক্ষা করে দলে নীতি-আদর্শের বদলে ব্যক্তি আক্রমণের সংস্কৃতি প্রাধান্য পাচ্ছে। এর ফলে দলের জনসমর্থন তলানিতে ঠেকেছে বলে মনে করছে ক্ষুব্ধ শিবিরের একাংশ।
সূত্রের খবর, দলের এই ‘মুষলপর্বে’ সৃজন ভট্টাচার্য ও দীপ্সিতা ধরের মতো নতুন প্রজন্মের একাধিক মুখ এখন দলত্যাগের অপেক্ষায় রয়েছেন। অভিযোগ উঠেছে, রাজ্য সরকারের কাজের গঠনমূলক সমালোচনা না করে মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত গালিগালাজ করায় বাংলার মানুষ বামপন্থীদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। বিশেষ করে ‘বাংলা বাঁচাও যাত্রা’ ব্যর্থ হওয়া এবং দলের অর্থ অপচয় নিয়ে প্রশ্ন তোলায় অনেককে কোণঠাসা হতে হয়েছে।
রাজ্য কমিটির বৈঠকে সেলিম গোষ্ঠীর বিরুদ্ধে সরব হয়েছেন প্রবীণ ও নবীন নেতাদের বড় অংশ। বিনয় কোঙার বা অনিল বসুর ঘরানার গালিগালাজের রাজনীতি বর্তমান নেতৃত্ব ফিরিয়ে আনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে সরব হয়েছেন তাঁরা। বর্তমানে সেলিম-বিকাশ আঁতাতের বিরুদ্ধে সোচ্চার হয়ে একঝাঁক তরুণ তুর্কি সদলবলে দল ছাড়ার পরিকল্পনা করছেন, যা আলিমুদ্দিনের অস্বস্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছে।