নিসঙ্কার বিধ্বংসী শতরান: অস্ট্রেলিয়াকে হারিয়ে সুপার এইটে শ্রীলঙ্কা

টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে সুপার এইট নিশ্চিত করল শ্রীলঙ্কা। জিম্বাবুয়ের পর লঙ্কানদের কাছে হেরে মিচেল মার্শদের বিদায়ঘণ্টা কার্যত বেজে গেল। প্রথমে ব্যাট করে ১৮১ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে ১৮ ওভারে ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দাসুন শানাকার দল।
শ্রীলঙ্কার জয়ে নায়ক পাথুম নিসঙ্কা। মাত্র ৫২ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলে অসি বোলারদের দিশেহারা করে দেন তিনি। ফিল্ডিংয়েও গ্লেন ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ক্যাচ ধরে নজর কাড়েন তিনি। তাকে যোগ্য সঙ্গ দেন কুশল মেন্ডিস (৫১)। ঘরের মাঠে এটিই শ্রীলঙ্কার সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।
টানা দুই হারে অস্ট্রেলিয়ার ভাগ্য এখন জিম্বাবুয়ের ফলাফলের ওপর নির্ভরশীল। ট্রেভিস হেড ও মিচেল মার্শ হাফ-সেঞ্চুরি করলেও লঙ্কান স্পিনারদের দাপটে শেষ ২০ বলে মাত্র ৭ রানে ৫ উইকেট হারায় অসিরা। অন্যদিকে, দিনের অন্য ম্যাচে ইটালিকে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে ইংল্যান্ড।