নির্বাচন প্রস্তুতি: ৮ আইপিএস অফিসারকে নোডাল পদের দায়িত্ব দিল রাজ্য পুলিশ

রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা কার্যত বেজে গিয়েছে। মার্চ মাসেই ভোটের দিনক্ষণ ঘোষণার জল্পনার মাঝেই বড়সড় প্রশাসনিক রদবদল ঘটাল রাজ্য পুলিশ। বুধবার ভবানী ভবন থেকে জারি করা নির্দেশিকায় সাতজন ডিআইজি এবং একজন আইজি পদমর্যাদার অফিসারসহ মোট আটজন শীর্ষ আইপিএস-কে গুরুত্বপূর্ণ নোডাল আধিকারিক হিসেবে নিয়োগ করা হয়েছে।
নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় এই আধিকারিকদের সুনির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় নজরদারিতে সুনীলকুমার যাদব এবং ভিন রাজ্য থেকে অস্ত্র-মাদক চোরাচালান রুখতে সব্যসাচীরমন মিশ্রকে নিযুক্ত করা হয়েছে। এছাড়া বাহিনী মোতায়েনে অঞ্জলি সিংহ, ভিআইপি নিরাপত্তায় আভারু রবীন্দ্রনাথ এবং বাহিনীর প্রশিক্ষণে রশিদ মুনির খান বিশেষ দায়িত্ব সামলাবেন।
প্রশাসনিক স্তরে প্রস্তুতি চূড়ান্ত করতে এই নিয়োগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নির্বাচন কমিশনের চূড়ান্ত ঘোষণার আগেই পুলিশি নজরদারি, রুট ম্যানেজমেন্ট এবং পোস্টাল ব্যালট সংক্রান্ত যাবতীয় বিষয় সুনিশ্চিত করতে চাইছে রাজ্য। মূলত স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া সম্পন্ন করাই এই উচ্চপর্যায়ের নোডাল টিমের প্রধান লক্ষ্য।