নির্বাচন কমিশনের সামনে রণক্ষেত্র ভোটার তালিকায় নাম তোলা নিয়ে বিজেপি-তৃণমূল ব্যাপক সংঘর্ষ – বর্তমান নিউজ

মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশনের দপ্তরের সামনে ভোটার তালিকায় নাম তোলার ‘ফর্ম-৬’ জমা দেওয়াকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষ বাঁধে। পূর্ব মেদিনীপুরের এক ব্যক্তির কাছে প্রায় ৪০০টি ফর্ম পাওয়াকে কেন্দ্র করে উত্তেজনার সূত্রপাত হয়। তৃণমূলের অভিযোগ, ওই ব্যক্তি নিয়ম বহির্ভূতভাবে বহিরাগতদের নাম ভোটার তালিকায় নথিভুক্ত করার চেষ্টা করছিলেন। ঘটনার খবর পেয়ে উত্তর কলকাতার বিজেপি সমর্থকরা সেখানে পৌঁছালে পরিস্থিতি রণক্ষেত্রের আকার নেয়।
উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও স্লোগান পাল্টা স্লোগানে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল সমর্থকদের দাবি, অভিযুক্ত ব্যক্তিকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। অন্যদিকে, বিজেপি কর্মীদের অভিযোগ যে তৃণমূলের লোকজন কমিশনের সামনে ‘গুন্ডামি’ করছে এবং তাদের কর্মীদের ওপর শারীরিক নিগ্রহ চালানো হয়েছে। সংঘর্ষের জেরে এলাকায় বেশ কিছু বাইক ভাঙচুর করা হয় এবং পুলিশি ব্যারিকেড ভেঙে পড়ার উপক্রম হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের মোতায়েন করা হয়েছে। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে নেওয়ার পর উত্তেজনা কিছুটা প্রশমিত হয়। উল্লেখ্য, সম্প্রতি তৃণমূল নেতৃত্ব অভিযোগ তুলেছিল যে বিজেপি ভিন রাজ্যের বাসিন্দাদের নাম ভোটার তালিকায় ঢোকানোর চেষ্টা করছে। আজকের এই ঘটনা সেই রাজনৈতিক চাপানউতোরকেই আরও উসকে দিল। অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হওয়া ফর্মগুলো খতিয়ে দেখছে কমিশন।