নির্বাচন কমিশনের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁসের অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

ভোটার তালিকা সংশোধন ও নাম বাদ দেওয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার এক্স হ্যান্ডলে একটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করে তিনি দাবি করেন, বিশেষ পর্যবেক্ষক সি. মুরুগন বেআইনিভাবে মাইক্রো অবজার্ভারদের নাম বাদ দেওয়ার নির্দেশ দিচ্ছেন। সুপ্রিম কোর্টের গাইডলাইন অমান্য করে অফিশিয়াল চ্যানেলের বদলে হোয়াটসঅ্যাপে এই নির্দেশ দেওয়া হচ্ছে বলে সরব হন তিনি।
অভিষেকের অভিযোগ, জন্ম শংসাপত্রের গ্রহণযোগ্যতা নিয়ে বিভ্রান্তি তৈরি করে ভোটার তালিকা থেকে বেছে বেছে নাম কাটার চেষ্টা চলছে। বিশেষ করে বাঙালি ভোটারদের লক্ষ্য করে এই ষড়যন্ত্র করা হচ্ছে বলে তৃণমূলের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সুপ্রিম কোর্ট যেখানে মাইক্রো অবজার্ভারদের ভূমিকা সীমাবদ্ধ রাখার নির্দেশ দিয়েছে, সেখানে তাঁদের দিয়ে কেন সরাসরি কাজ করানো হচ্ছে, সেই প্রশ্ন তুলেছেন সাংসদ।
এই ইস্যুতে তৃণমূলের একটি প্রতিনিধি দল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দিয়েছে। ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক জানিয়েছেন, কমিশনের পোর্টাল বন্ধ থাকায় সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন। নির্বাচন কমিশন এই অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। তৃণমূল দাবি জানিয়েছে, স্বচ্ছতা বজায় রেখে আইনি প্রক্রিয়া অনুসরণ করে ভোটার তালিকা সংশোধনের কাজ সম্পন্ন করতে হবে।