নির্বাচন কমিশনের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁসের গুরুতর অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার এক্স হ্যান্ডলে তিনি কমিশনের অন্দরের কিছু হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করেন। অভিষেকের দাবি, আইনগত প্রক্রিয়ার তোয়াক্কা না করে হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে মাইক্রো অবজার্ভারদের দিয়ে ভোটারদের নাম বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।
অভিষেক অভিযোগ করেন, বিশেষ রোল অবজার্ভার সি. মুরুগন মাইক্রো অবজার্ভারদের জন্ম শংসাপত্রের গ্রহণযোগ্যতা নিয়ে সরাসরি নির্দেশ দিচ্ছেন, যা শীর্ষ আদালতের নির্ধারিত সীমারেখার পরিপন্থী। তাঁর দাবি, নির্দিষ্ট সম্প্রদায়কে নিশানা করে ভোটার তালিকায় কারচুপি করা হচ্ছে। এমনকি, সংশ্লিষ্ট আধিকারিকদের লগইন তথ্য অপব্যবহার করে কলকাতার একটি নির্দিষ্ট কেন্দ্র থেকে কাজ চালানোর অভিযোগও তুলেছেন তিনি।
পাল্টা প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশন জানিয়েছে, নিয়ম মেনেই নথির বিষয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা দেওয়া হয়েছে। তারা কোনও অবৈধ নির্দেশ দেয়নি বরং অভ্যন্তরীণ গ্রুপের তথ্য কীভাবে ফাঁস হলো, তা খতিয়ে দেখার কথা জানিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের একটি প্রতিনিধিদল কলকাতায় কমিশন দপ্তরে স্মারকলিপি জমা দিয়েছে। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক।