নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘তুঘলকি’ আচরণের অভিযোগে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে জাতীয় নির্বাচন কমিশনকে ‘টর্চার কমিশন’ বলে তীব্র আক্রমণ শাণালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, কমিশন হিটলারি কায়দায় কাজ করে গণতান্ত্রিক ও যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করছে। বিহার বা হরিয়ানায় এসআইআর (SIR) প্রক্রিয়ায় যেসব নথি গ্রাহ্য হচ্ছে, বাংলায় কেন তা বাতিল করা হচ্ছে, সেই প্রশ্ন তুলে কেন্দ্রের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ এনেছেন তিনি।
মুখ্যমন্ত্রীর দাবি, সুপ্রিম কোর্টের সময়সীমা লঙ্ঘন করে নির্দিষ্ট সময়ের আগেই লগ-ইন ব্লক করা হয়েছে। এর ফলে প্রায় এক লক্ষ মানুষ দুর্ভোগে পড়েছেন এবং প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিজেপি-র আইটি সেল ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংখ্যালঘু, তফশিলি জাতি ও দরিদ্র মানুষদের টার্গেট করা হচ্ছে বলে তিনি দাবি করেন।
প্রশাসনের ওপর অন্যায্য হস্তক্ষেপের অভিযোগ তুলে মমতা জানান, জেলাশাসক ও নির্বাচনী আধিকারিকদের ভয় দেখানো হচ্ছে। গত কয়েক মাসে অতিরিক্ত চাপে বহু কর্মীর মৃত্যু হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। কমিশনের এই বিভ্রান্তিকর নির্দেশিকা ও স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে আইনি পথে লড়াই এবং সাধারণ মানুষকে সাথে নিয়ে প্রতিবাদ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।