নির্বাচন কমিশনের নজিরবিহীন হুঁশিয়ারিতে বিপাকে রাজ্যের ৪ দুঁদে অফিসার

নিউজ ডেস্ক : ভোটার তালিকায় কারচুপি করলে এবার সরাসরি শ্রীঘরে যেতে হতে পারে সরকারি আধিকারিকদের। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব এবং পূর্ব মেদিনীপুরের ময়নার চার নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নবান্নকে কড়া নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আগামী মঙ্গলবারের মধ্যে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে এই পদক্ষেপের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। সাধারণ মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেললে যে রেহাই নেই, কমিশনের এই চরম ডেডলাইন তারই প্রমাণ দিচ্ছে।
আগেও একাধিকবার নির্দেশ দিলেও রাজ্য সরকার অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। ফলে এবার সরাসরি মুখ্যসচিবকে তলব করে কড়া বার্তা দিয়েছে কমিশন। বারুইপুর ও ময়নার ওই দুই ইআরও এবং দুই এইআরও-র বিরুদ্ধে ফৌজদারি মামলা না হলে কমিশন নিজেই কঠোর আইনি পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে। ভোটের আগে খোদ নবান্নের শীর্ষস্তরে কমিশনের এই কড়াকড়ি রাজ্যের আমলাতন্ত্রে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, যা সাধারণ ভোটারদের মনে স্বচ্ছ নির্বাচনের আশা জাগাচ্ছে।