নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ: নন্দীগ্রামসহ রাজ্যে ৮৩ বিডিও ও এআরও বদলি – বর্তমান নিউজ

ভোটের মুখে রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল ঘটাল নির্বাচন কমিশন। রবিবার এক নির্দেশিকায় নন্দীগ্রামের দুটি ব্লকসহ রাজ্যের মোট ৮৩টি ব্লকের বিডিও এবং সহকারী রিটার্নিং অফিসারকে (এআরও) বদলির নির্দেশ দেওয়া হয়েছে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতেই কমিশনের এই কঠোর পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
জেলা ভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে বেশি বদলি হয়েছে পূর্ব মেদিনীপুরে, যেখানে ১৪ জন আধিকারিককে সরানো হয়েছে। তালিকায় এর পরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, যেখানকার ১১ জন আধিকারিক বদলি হয়েছেন। এছাড়া উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর ২৪ পরগনা-সহ বিভিন্ন জেলায় এই নির্দেশ কার্যকর করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবারই ১৪টি বিধানসভা আসনের রিটার্নিং অফিসার বদল করেছিল কমিশন। যার মধ্যে বিরোধী দলনেতার কেন্দ্র নন্দীগ্রামও অন্তর্ভুক্ত ছিল। রবিবারের নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী আরও চারজন রিটার্নিং অফিসারকে অন্য বিধানসভায় স্থানান্তরিত করা হয়েছে। ভোটের ঠিক আগে প্রশাসনের এই ধারাবাহিক রদবদল রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।