নির্বাচন কমিশনের কড়া নির্দেশ: চার আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করল নবান্ন

ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে অবশেষে চার ডব্লিউবিসিএস আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করল নবান্ন। নির্বাচন কমিশনের দেওয়া সময়সীমা মেনেই মঙ্গলবার এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠিয়েছেন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী। অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনিভাবে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ রয়েছে।
এর আগে এই আধিকারিকদের সাসপেন্ড ও আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল কমিশন। অভিযুক্তরা হলেন দেবোত্তম দত্তচৌধুরী, তথাগত মণ্ডল, বিপ্লব সরকার এবং সুদীপ্ত দাস। বারুইপুর পূর্ব ও ময়না বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা সংশোধনে গাফিলতির কারণে তাঁদের বিরুদ্ধে এই ব্যবস্থা। দীর্ঘ টালবাহানার পর দিল্লিতে মুখ্যসচিবকে তলব করতেই নতিস্বীকার করল রাজ্য প্রশাসন।
বর্তমানে মুখ্য নির্বাচন কমিশনারসহ কমিশনের ফুল বেঞ্চ অসমে রয়েছে। সেখান থেকে ফেরার পর রাজ্যের এই পদক্ষেপ খতিয়ে দেখবে কমিশন। উল্লেখ্য, এই আধিকারিকদের পাশাপাশি এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। প্রশাসনের এই সক্রিয়তায় রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।