নির্বাচনের আগে ইডির তলব: সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার – বর্তমান নিউজ

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জমি দখল সংক্রান্ত একটি প্রতারণা মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার। গত শনিবার দক্ষিণ কলকাতার একটি নির্মাণ সংস্থায় তল্লাশি চালানোর পর, সেই সূত্র ধরেই তৃণমূলের এই হেভিওয়েট নেতাকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি দপ্তরে তাঁর বয়ান রেকর্ড করার পাশাপাশি দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর।
তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, কলকাতা পুরসভার সহায়তায় বিভিন্ন এলাকায় বেআইনি নির্মাণ ও জমি দখলের অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট ওই নির্মাণ সংস্থার বিরুদ্ধে। দেবাশিস কুমারের নির্বাচনী এলাকায় এই ধরনের প্রকল্পের সঙ্গে যুক্ত থাকার তথ্যের ভিত্তিতেই তাঁকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তৃণমূল প্রার্থীর পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কেন্দ্রীয় এজেন্সির এই আকস্মিক সক্রিয়তাকে ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে অভিহিত করেছে। দলের দাবি, নির্বাচনের ঠিক আগে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। ইতিপূর্বে আইপ্যাকের অফিসে তল্লাশি এবং এখন প্রার্থীর তলবকে পরাজয়ের আশঙ্কায় বিরোধীদের চাল হিসেবে দেখছে শাসকদল। ২০২১ সালের নির্বাচনের স্মৃতি মনে করিয়ে দিয়ে তৃণমূল নেতৃত্ব সরব হয়েছে যে, বারবার ভোটের মুখেই এজেন্সিরাজ শুরু হয়, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।