নির্বাচনি জট কাটিয়ে ভোটার তালিকায় নাম এল শশী পাঁজার, স্বস্তিতে তৃণমূল শিবির – বর্তমান নিউজ

অবশেষে দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হলো তৃণমূল প্রার্থী শশী পাঁজার। ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর) প্রক্রিয়ার জটিলতায় তাঁর নাম প্রথম তালিকায় না থাকায় মনোনয়ন পেশ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শুক্রবার রাতে প্রকাশিত নতুন তালিকায় নাম আসায় শ্যামপুকুর কেন্দ্রের এই প্রার্থীর আইনি ও প্রশাসনিক বাধা দূর হলো।
এর আগে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও দ্রুততার দাবিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে জানানো হয়েছিল, শশী পাঁজা-সহ অন্তত ১১ জন প্রার্থীর নাম বিচারাধীন থাকায় মনোনয়নে সমস্যা হতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই প্রক্রিয়ায় বিপুল সংখ্যক নাম বাদ পড়া নিয়ে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করেন।
এসআইআর শুনানিতে ডাক পাওয়া এবং দীর্ঘ প্রতীক্ষার পর শশী পাঁজার নাম ফেরায় স্বস্তিতে শাসক দল। উল্লেখ্য, ২০০২ সাল থেকে ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও এবার তাঁর অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। শুক্রবার রাতে কমিশনের পোর্টালে দ্বিতীয় অতিরিক্ত তালিকা প্রকাশের মাধ্যমে সেই সমস্যার স্থায়ী সমাধান মিলল।