নিজের ঘর পাওয়ার স্বপ্ন কি তবে শেষ? মালদায় আবাস যোজনার টাকা হাতিয়ে নিল জালিয়াতরা

নিউজ ডেস্ক : মালদার ইংলিশ বাজার ব্লকে আবাসের ঘর পাওয়ার তালিকায় নাম থাকলেও কপালে জুটল চরম প্রতারণা। উপভোক্তাদের অজান্তেই আধার ও ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বদলে দিয়ে সরকারি টাকা হাতিয়ে নিচ্ছে এক অসাধু চক্র। রুখসেনা বিবির মতো সাধারণ মানুষের প্রাপ্য ১ লক্ষ ২০ হাজার টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন তৌসিফের মতো ভূমিহীন পরিবারগুলো। ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে এই জালিয়াতির কথা জানতে পেরে এখন প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন সর্বস্বান্ত উপভোক্তারা।
এই নজিরবিহীন জালিয়াতি প্রকাশ্যে আসতেই সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়িয়েছে। ট্যাব কেলেঙ্কারির পর এবার আবাসের টাকা গায়েব হওয়ায় প্রশাসনের নিরাপত্তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। বিডিও ইতিমধ্যে অভিযুক্ত অ্যাকাউন্টটি ফ্রিজ করে তদন্ত শুরু করেছেন, তবে সাধারণ মানুষের আশঙ্কা—ঘর তৈরির এই টাকা কি আদেও ফিরে পাওয়া যাবে? দুর্নীতির এই জালে জড়িয়ে আপনার আমানতও সুরক্ষিত তো? রাজনৈতিক তরজা ছাপিয়ে এখন এটাই সাধারণ মানুষের প্রধান উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।