নর্থইস্টকে উড়িয়ে আইএসএল অভিযানে ইস্টবেঙ্গলের নয়া নজির

নর্থইস্টকে উড়িয়ে আইএসএল অভিযানে ইস্টবেঙ্গলের নয়া নজির

ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে এই প্রথম জয় দিয়ে মরশুম শুরু করে নতুন নজির গড়ল ইস্টবেঙ্গল। যুবভারতী ক্রীড়াঙ্গনে নর্থইস্ট ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়ে পূর্ণ পয়েন্ট ছিনিয়ে নিল লাল-হলুদ ব্রিগেড। কোচ অস্কার ব্রুজোর ৪-৫-১ ছকে মাঝমাঠকে শক্তিশালী করে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ধরা দেয় দল। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি হলেও বিরতি পর্যন্ত খেলার ফল গোলশূন্য ছিল।

দ্বিতীয়ার্ধে অস্কারের মাপা পরিবর্তেই বদলে যায় ম্যাচের রং। ৬২ মিনিটে এডমুন্ড নামার পরেই আক্রমণের ধার বাড়ে। ৬৪ মিনিটে বিপিনের ক্রস থেকে দর্শনীয় হেডে প্রথম গোল করেন ইউসেফ। এর ঠিক ছয় মিনিট পর এডমুন্ডের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করে ব্যবধান দ্বিগুণ করেন এই মরক্কান স্ট্রাইকার। গ্যালারিতে উপস্থিত ১৮,৬৩৬ জন সমর্থকের উচ্ছ্বাস তখন তুঙ্গে।

ম্যাচের শেষলগ্নে মিগুয়েলের গোলে নর্থইস্টের কফিনে শেষ পেরেকটি পোঁতে ইস্টবেঙ্গল। রক্ষণ ও আক্রমণের ভারসাম্য বজায় রেখে পুরো ম্যাচেই দাপট দেখায় তারা। গত পাঁচ মরশুমের খরা কাটিয়ে এই স্বস্তির জয় লাল-হলুদ শিবিরে আত্মবিশ্বাস জোগাবে। দীর্ঘ প্রতীক্ষার পর ঘরের মাঠে কাঙ্ক্ষিত জয় পেয়ে খুশি মনেই বাড়ি ফিরলেন কয়েক হাজার ফুটবল প্রেমী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *