নন্দীগ্রামে তৃণমূল শিবিরে বড় ভাঙন: ৪ মে-র পর শ্রীরামই ভরসা, অভিষেককে কটাক্ষ শুভেন্দুর – বর্তমান নিউজ

নন্দীগ্রামে তৃণমূল শিবিরে বড় ভাঙন: ৪ মে-র পর শ্রীরামই ভরসা, অভিষেককে কটাক্ষ শুভেন্দুর – বর্তমান নিউজ

নন্দীগ্রামে নির্বাচনী উত্তাপের মধ্যেই তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন ধরালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার রামনবমী উপলক্ষে আয়োজিত পদযাত্রা শেষে ১১ জন তৃণমূল নেতা শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগদান করেন। এদিন টেঙ্গুয়া থেকে জানকিনাথ মন্দির পর্যন্ত চার কিলোমিটার দীর্ঘ মিছিলে শামিল হয়ে জনসংযোগ সারেন তিনি। দলত্যাগের এই ঘটনাকে কেন্দ্র করে কোলাঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক ‘জয় শ্রীরাম’ স্লোগানকে তীব্র কটাক্ষ করে শুভেন্দু বলেন, হার নিশ্চিত জেনেই এখন থেকে রাম নাম জপ শুরু করেছেন তৃণমূলের সেনাপতি। ৪ মে-র পর তাদের শ্রীরামের স্মরণেই থাকতে হবে বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি, মধ্যপ্রাচ্যের সংকটে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর ওপর আস্থা প্রকাশ করেন তিনি। নন্দীগ্রামে এবার বিজেপির মূল লড়াই তৃণমূলের সঙ্গে নয়, বরং আইএসএফ-এর সঙ্গে বলে দাবি করেন বিরোধী দলনেতা।

শোভাযাত্রার পথে সংখ্যালঘু সম্প্রদায়ের যুবকদের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। পুষ্পস্তবক ও ফল দিয়ে তাকে স্বাগত জানানোর এই দৃশ্যকে কেন্দ্র করে বিজেপির আত্মবিশ্বাস আরও বেড়েছে। শুভেন্দু তাদের ‘রাষ্ট্রবাদী মুসলিম’ আখ্যা দিয়ে বলেন, প্রকৃত হিন্দুরা অন্য ধর্মকেও শ্রদ্ধা করে। শিক্ষিত যুবকরা কর্মসংস্থানের দাবিতেই পদ্মশিবিরকে সমর্থন করছেন বলে তিনি দাবি করেন। উল্লেখ্য, নন্দীগ্রামে এবার শুভেন্দুর প্রধান প্রতিদ্বন্দ্বী দলবদলু তৃণমূল প্রার্থী পবিত্র কর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *