ধোনির বায়োপিক দেখে ঘুরে দাঁড়ানো পাক স্পিনারের জালে কি ফেঁসে যাবে ভারত

নিউজ ডেস্ক : মহেন্দ্র সিং ধোনির জীবনসংগ্রাম থেকে অনুপ্রেরণা নিয়ে ক্রিকেটে ফেরা পাকিস্তানের রহস্যময় স্পিনার উসমান তারিক এখন টিম ইন্ডিয়ার কপালে চিন্তার ভাঁজ বাড়িয়েছেন। সাধারণ এক নেট বোলার থেকে বিশ্বকাপের মঞ্চে উঠে আসা এই স্পিনারের অদ্ভুত বোলিং অ্যাকশন সামলানো ভারতীয় ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। কলম্বোর পিচে তাঁর ‘পজ’ দেওয়া ডেলিভারিগুলো যদি দ্রুত আয়ত্ত করা না যায়, তবে মাঝের ওভারগুলিতে রান তোলা কঠিন হয়ে পড়বে।
দুবাইয়ের রাস্তায় পেঁয়াজ কাটার কাজ ছেড়ে ক্রিকেটে ফেরা উসমানের এই উত্থান ভারতীয় ভক্তদের জন্য কিছুটা বিড়ম্বনার, কারণ খোদ ধোনির আদর্শই এখন ভারতের জয়ের পথে বাধা। সাবেক ক্রিকেটার হরভজন সিংও সতর্ক করেছেন যে, এই ‘সারপ্রাইজ প্যাকেজ’কে হালকাভাবে নিলে ভারতের জয়ের সমীকরণ বদলে যেতে পারে। ১৫ ফেব্রুয়ারির হাইভোল্টেজ ম্যাচে উসমানের স্পিন বিষ সামলে ভারত কীভাবে দাপট বজায় রাখে, সেটাই এখন দেখার বিষয়।