ধর্ষণে অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরুর মন্দিরে মহারাষ্ট্র সরকারের কোটি টাকার অনুদান – বর্তমান নিউজ

ধর্ষণে অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরুর মন্দিরে মহারাষ্ট্র সরকারের কোটি টাকার অনুদান – বর্তমান নিউজ

ধর্ষণে অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু অশোক খরাতের ঈশানেশ্বর মন্দির ট্রাস্টকে এক কোটি টাকারও বেশি অনুদান দেওয়ার তথ্য প্রকাশ্যে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে মহারাষ্ট্রে। সরকারি নথি অনুযায়ী, ২০১৮ সালে স্থানীয় পর্যটন কেন্দ্র উন্নয়ন প্রকল্পের আওতায় এই বিপুল অর্থ বরাদ্দ করা হয়েছিল। তৎকালীন পর্যটন ও সংস্কৃতি মন্ত্রকের অধীনে থাকা এই প্রকল্পের মাধ্যমে মোট ১ কোটি ৫ লক্ষ টাকা মন্দির চত্বরের পরিকাঠামো উন্নয়নে ব্যয় করা হয়।

অভিযুক্ত অশোক খরাত ৩৫ বছর বয়সী এক মহিলাকে ধর্ষণসহ প্রায় ৫৮ জন নারীকে যৌন নির্যাতনের অভিযোগে বর্তমানে শ্রীঘরে। পুলিশি তদন্তে জানা গেছে, সাংসারিক বিবাদ মেটানো বা তুকতাকের ভয় দেখিয়ে নারীদের মাদকদ্রব্য খাইয়ে নির্যাতন চালাত এই ভণ্ড সাধু। সাইবার পুলিশ তাঁর কাছ থেকে ১০০টিরও বেশি আপত্তিকর ভিডিও উদ্ধার করেছে। বর্তমানে আয়কর বিভাগ তাঁর প্রায় দেড় হাজার কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তির উৎস খতিয়ে দেখছে।

নাসিকের চারটি অনুমোদিত প্রকল্পের মধ্যে এই ঈশানেশ্বর মন্দিরই সবথেকে বেশি সরকারি অনুদান পেয়েছিল। ট্রাস্টের প্রধান পদে থাকাকালীন খরাত এই সরকারি অর্থের অপব্যবহার করেছিলেন কি না, তা নিয়ে এখন বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। ধর্মীয় প্রতিষ্ঠানের আড়ালে এই বিশাল অঙ্কের আর্থিক লেনদেন এবং অপরাধমূলক কর্মকাণ্ডের যোগসূত্র খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সরকারের এই অনুদান প্রদান প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *