দেশের দ্রুততম মালগাড়ি ঘণ্টায় ১৬০ কিমি বেগে ছুটবে পণ্যবাহী বন্দে ভারত

পণ্য পরিবহণে গতি আনতে এবার বন্দে ভারত ‘মালগাড়ি’ চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (আইসিএফ) ইতিমধ্যেই এই ট্রেনের একটি প্রোটোটাইপ তৈরি করেছে। লখনউয়ের আরডিএসও-র তত্ত্বাবধানে আগামী সপ্তাহেই এর ট্রায়াল রান শুরু হওয়ার কথা রয়েছে। প্রাথমিকভাবে দিল্লি-মুম্বই রুটে এই ট্রেনটি চালানোর পরিকল্পনা করা হয়েছে।
১৬০ কিমি সর্বোচ্চ গতিবেগ সম্পন্ন এই ট্রেনটি হবে দেশের দ্রুততম পণ্যবাহী রেক। বর্তমানে সাধারণ মালগাড়িগুলির গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটারের নিচে থাকে। ১৬ বগির এই ট্রেনটি ২৬৪ টন পর্যন্ত পণ্য বহন করতে সক্ষম হবে। রেলের লক্ষ্য হলো, পর্যায়ক্রমে পুরোনো মালগাড়িগুলি সরিয়ে এই আধুনিক ও দ্রুতগতির প্রযুক্তি গ্রহণ করা।
তবে দ্রুত পরিষেবার পাশাপাশি খরচের বিষয়টি নিয়ে জল্পনা শুরু হয়েছে। সাধারণ মেল বা এক্সপ্রেসের তুলনায় বন্দে ভারত ট্রেনের যাত্রী ভাড়া যেমন বেশি, মালগাড়ির ক্ষেত্রেও বুকিং চার্জ বাড়বে কি না, তা নিয়ে রেলের তরফে এখনও স্পষ্ট কোনো ঘোষণা আসেনি। আপাতত ট্রায়াল রানের ফলাফলের দিকেই তাকিয়ে আছে বিশেষজ্ঞ মহল।