দুই রহমানের লড়াই আর জুলাই সনদ নিয়ে গণভোটের ফল কী হবে আমজনতার জন্য

নিউজ ডেস্ক : বাংলাদেশের ভাগ্য নির্ধারণে আজ ২৯৯ আসনে চলছে টানটান উত্তেজনার ভোটযুদ্ধ। আওয়ামী লীগবিহীন এই নির্বাচনে মূল লড়াই এখন বিএনপির তারেক রহমান ও জামায়াতের শফিকুর রহমানের মধ্যে। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে এই ক্ষমতার পালাবদল কতটা স্বস্তি আনবে, নাকি রাজনৈতিক মেরুকরণ আরও বাড়বে, তা নিয়ে চলছে তীব্র বিশ্লেষণ। বিশেষ করে বড় একটি রাজনৈতিক পক্ষ মাঠের বাইরে থাকায় সাধারণ ভোটারদের জনমত ও ভোটাধিকারের প্রকৃত প্রতিফলন ঘটে কি না, সেটিই এখন বড় প্রশ্ন।
সংসদ নির্বাচনের পাশাপাশি দেশজুড়ে আজ চলছে ঐতিহাসিক ‘জুলাই সনদ’ নিয়ে গণভোট। দুই কক্ষ বিশিষ্ট সংসদ গঠন এবং প্রধানমন্ত্রীর মেয়াদ নির্দিষ্ট করার মতো গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলো পাস হলে দেশের শাসনব্যবস্থায় আমূল পরিবর্তন আসতে পারে। এই সংস্কারগুলো সাধারণ মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করবে নাকি ক্ষমতার নতুন সমীকরণ তৈরি করবে, তা নিয়ে জনমনে কৌতূহল তুঙ্গে। নতুন সরকারের অধীনে বাজারদর নিয়ন্ত্রণ ও সামাজিক স্থিতিশীলতা বজায় থাকাই এখন সাধারণ মানুষের প্রধান প্রত্যাশা।