দিনের আলোয় গয়না দোকানে দুঃসাহসিক লুঠ সিঙ্গুরে
February 14, 2026

নিউজ ডেস্ক : সাধারণ মানুষের নিরাপত্তা এখন কোথায়? ভরদুপুরে ক্রেতা সেজে সিঙ্গুরের বেড়াবেড়ি এলাকার একটি সোনার দোকানে ঢুকে প্রায় সাড়ে ৬ লক্ষ টাকার গয়না নিয়ে চম্পট দিল এক দুষ্কৃতী। একের পর এক গয়না দেখার অছিলায় পকেটে ভরে নিয়ে নিমেষের মধ্যে বাইরে অপেক্ষায় থাকা বাইকে চড়ে পালায় তারা। জনবহুল এলাকায় এমন ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে।
পুরো চুরির ঘটনাটি দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়েছে। ব্যবসায়ী সঞ্জয় পোলেন জানান, হিন্দিভাষী ওই যুবক গয়না দেখার নাম করে প্রতারণা করেছে। বর্তমানে সিঙ্গুর থানার পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। দিনের বেলায় এমন চুরির ঘটনা সাধারণ মানুষের মনে যাতায়াত ও কেনাকাটা নিয়ে গভীর দুশ্চিন্তা তৈরি করেছে।