তৈল সংকটে বিশ্ব অর্থনীতি, ব্যারেল প্রতি দাম ২০০ ডলার ছোঁয়ার আশঙ্কা – বর্তমান নিউজ

ইরান, আমেরিকা ও ইসরায়েলের মধ্যে চলমান এক মাসের যুদ্ধে উত্তাল বিশ্ব রাজনীতি। আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী কার্যত অবরুদ্ধ হওয়ায় বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উল্লেখ্য, বিশ্বের মোট তেলের চাহিদার প্রায় ২০ শতাংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়। ফলে সরবরাহ সংকটে আন্তর্জাতিক বাজারে তেলের দাম লাফিয়ে বাড়ছে।
ব্রোকারেজ ফার্ম ম্যাকুরির সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, এই যুদ্ধ পরিস্থিতি আগামী জুন মাস পর্যন্ত স্থায়ী হলে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ২০০ ডলারে পৌঁছে যাওয়ার ৪০ শতাংশ সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক পর্যন্ত সংঘাত গড়ালে বিশ্ব অর্থনীতি চরম মন্দার মুখে পড়বে। যদিও ব্লুমবার্গের দাবি, চলতি মাসেই যুদ্ধবিরতির সম্ভাবনা প্রায় ৬০ শতাংশ।
বর্তমানে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ১১১ ডলার ছাড়িয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরানের কঠোর নিয়ন্ত্রণ এশীয় দেশগুলোর জ্বালানি নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জ্বালানি কেন্দ্রগুলোতে ১০ দিনের হামলা স্থগিত রাখায় কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকটের সমাধানের আশায় বুক বাঁধছে বিশ্ববাজার।