‘তৃণমূল এখন সমুদ্র, কেউ কিছু করতে পারবে না’, চন্দ্রকোণা থেকে বিজেপিকে তীব্র হুঁশিয়ারি মমতার – বর্তমান নিউজ

নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের পর পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় দলীয় প্রার্থী সূর্যকান্ত দোলইয়ের সমর্থনে আয়োজিত জনসভায় বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার প্রচারমঞ্চ থেকে আত্মবিশ্বাসের সুরে তিনি ঘোষণা করেন, তৃণমূল কংগ্রেস এখন একটি বিশাল সমুদ্রের মতো, তাই চক্রান্ত করে দলের কোনো ক্ষতি করা সম্ভব নয়। মুখ্যমন্ত্রী ভোটারদের মনে করিয়ে দেন যে, রাজ্যের ২৯৪টি কেন্দ্রেই তিনি নিজে প্রার্থী হিসেবে লড়াই করছেন, তাই প্রার্থীর পরিচয় ভুলে ঘাসফুল শিবিরকে জয়ী করার আহ্বান জানান তিনি।
এদিনের সভায় বিজেপি সরকারের বিরুদ্ধে ভোটার তালিকা থেকে সাধারণ মানুষের নাম বাদ দেওয়ার গুরুতর অভিযোগ তোলেন তৃণমূল নেত্রী। তিনি দাবি করেন, নিয়ম বহির্ভূতভাবে মহিলা, সংখ্যালঘু এবং তপশিলি সম্প্রদায়ের নাম কেটে দিয়ে ভিন রাজ্য থেকে ভোটারদের নাম নথিভুক্ত করা হচ্ছে। গণতান্ত্রিক অধিকার খর্ব করার এই প্রচেষ্টাকে রুখে দেওয়ার জন্য তিনি দলীয় কর্মীদের সতর্ক করেন এবং নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে অভিযোগ জানানো হয়েছে বলে উল্লেখ করেন।
কৃষিপ্রধান চন্দ্রকোণার সভায় আলু চাষিদের স্বার্থ রক্ষায় বিশেষ জোর দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতাদের ‘গরিবের পেটে লাথি না মারার’ হুঁশিয়ারি দিয়ে তিনি স্পষ্ট জানান, আলু নিয়ে কোনো রাজনীতি বরদাস্ত করা হবে না। চাষিরা ক্ষতিগ্রস্ত হলে রাজ্য সরকার পাশে থাকবে এবং প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেবে। এছাড়া কেন্দ্রীয় বঞ্চনার বিপরীতে শস্য বিমা ও কোল্ড স্টোরেজ নির্মাণের মতো রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ানও এদিন তুলে ধরেন তিনি।