তৃণমূলের বিরুদ্ধে শাহের ‘চার্জশিট’, ‘বেলা শেষ’ বলে মমতাকে তীব্র আক্রমণ শমিকের – বর্তমান নিউজ

তৃণমূলের বিরুদ্ধে শাহের ‘চার্জশিট’, ‘বেলা শেষ’ বলে মমতাকে তীব্র আক্রমণ শমিকের – বর্তমান নিউজ

বাংলার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক পারদ চড়িয়ে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তৃণমূল সরকারের ১৫ বছরের শাসনের বিরুদ্ধে ৩৫ পাতার একটি ‘চার্জশিট’ পেশ করার পরই সাংবাদিক সম্মেলন করেন শমিক। সেখানে তিনি সাফ জানান, রাজ্যে আইনের শাসন সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং তৃণমূলের সময় এখন শেষ পর্যায়ে।

শমিক ভট্টাচার্য অভিযোগ করেন, রাজ্যে নির্বাচন কমিশনের কাজে বাধা দেওয়া হচ্ছে এবং অনুপ্রবেশ ইস্যু থেকে শুরু করে আরজি কর বা বগটুইয়ের মতো ঘটনাপ্রবাহের কারণে মানুষ বীতশ্রদ্ধ। রাম নবমীর মিছিল ঘিরে অশান্তির প্রসঙ্গেও তিনি রাজ্য সরকারকে বিঁধেছেন। শমিকের দাবি, বাংলার মানুষ এবার পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবং লড়াই এখন সরাসরি ‘জনতা বনাম মমতা’র রূপ নিয়েছে।

অমিত শাহকে নিয়ে মুখ্যমন্ত্রীর সমালোচনার জবাবে শমিক তাঁকে স্বাধীন ভারতের শ্রেষ্ঠ ভোটকুশলী হিসেবে অভিহিত করেন। তৃণমূলের ‘টার্গেট দিল্লি’ স্লোগানকে কটাক্ষ করে তিনি বলেন, এবার সাধারণ মানুষই তৃণমূলকে লক্ষ্যবস্তু করেছে। মুখ্যমন্ত্রী দীর্ঘ লড়াইয়ের অভিজ্ঞতাসম্পন্ন নেত্রী হওয়া সত্ত্বেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বুঝতে পারছেন না বলে মন্তব্য করে শমিক ভট্টাচার্য বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন যে তাঁর শাসনের ‘বেলা শেষ ও খেলা শেষ’।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *