তৃণমূলের বিরুদ্ধে বিজেপির ‘চার্জশিট’ প্রকাশ করছেন অমিত শাহ – বর্তমান নিউজ

আগামী ২৮ মার্চ তৃণমূল সরকারের বিরুদ্ধে বহুপ্রতীক্ষিত ‘চার্জশিট’ বা শ্বেতপত্র প্রকাশ করতে চলেছে বিজেপি। গেরুয়া শিবির সূত্রে খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খোদ এই প্রতিবেদনটি প্রকাশ করবেন। মূলত শাসকদলের বিগত ১৫ বছরের কথিত দুর্নীতি, অপশাসন ও মাফিয়ারাজকে অস্ত্র করে এই চার্জশিট তৈরি করা হয়েছে। দলের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আগে ইস্তেহার প্রকাশের কথা থাকলেও, কৌশলী অবস্থানে বদল এনে আগে চার্জশিট পেশের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি নেতৃত্ব।
এই চার্জশিটে নিয়োগ দুর্নীতি, কয়লা, বালি ও পাথর পাচারের মতো গুরুতর অভিযোগসহ একাধিক প্রভাবশালী তৃণমূল নেতার নাম জড়িয়ে প্রচার চালানোর পরিকল্পনা রয়েছে পদ্ম-শিবিরের। এছাড়া সরকারি কর্মচারীদের ডিএ বঞ্চনার ইস্যুটিও এখানে গুরুত্ব পাচ্ছে। বিজেপি জানিয়েছে, এই চার্জশিট প্রকাশের পর দলের কর্মীরা তা সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবেন। এই কর্মসূচির মাধ্যমে ভোটের আগে তৃণমূলের বিরুদ্ধে জনমত গঠন করাই বিজেপির মূল লক্ষ্য।
চার্জশিট পর্ব শেষ হলে এপ্রিলের শুরুতে বিজেপি তাদের নির্বাচনী ইস্তেহার বা ‘সংকল্প পত্র’ প্রকাশ করবে। সেখানে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ বৃদ্ধি, কর্মসংস্থান এবং পরিকাঠামো উন্নয়নের একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে বিজেপির সর্বভারতীয় নেতা নীতিন নবীন রাজ্যে অবস্থান করছেন এবং এই কর্মসূচি সফল করতে দফায় দফায় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক সারছেন। মূলত দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করেই আসন্ন নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে চাইছে বিজেপি।