তুষারপাত ও ঝড়ে বিপর্যস্ত উত্তরবঙ্গ-সিকিম, ব্যাপক তুষারপাতে বন্ধ একাধিক সড়ক – বর্তমান নিউজ

উত্তর সিকিম ও দার্জিলিঙের সান্দাকফুতে রাতভর প্রবল তুষারপাতের জেরে পর্যটন ও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ইয়ুমথাং, লাচেন, লাচুং এবং নাথাং সহ বিস্তীর্ণ এলাকা এখন পুরু বরফের চাদরে ঢাকা। তুষারপাতের জেরে উত্তর সিকিমের গুরুত্বপূর্ণ নাগারোড এবং থাঙ্গু থেকে গুরুদোংমার যাওয়ার সড়কপথ শনিবার সকাল পর্যন্ত বন্ধ ছিল।
পাহাড়ের পাশাপাশি সমতলেও শুক্রবার রাতের ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের দাপটে দার্জিলিং এবং শিলিগুড়ি পুরনিগমের বিভিন্ন ওয়ার্ডে প্রচুর গাছ উপড়ে পড়ে যান চলাচল ব্যাহত হয়। স্থানীয় প্রশাসন ও পুরনিগমের কর্মীরা দ্রুত গাছ সরিয়ে রাস্তা পরিষ্কার করার কাজ শুরু করেছেন।
সিকিম প্রশাসন জানিয়েছে, সকাল থেকে জেএন রোড এবং চুংথাং অভিমুখে বেশ কিছু রাস্তা পুনরায় খুলে দেওয়া হয়েছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পার্বত্য অঞ্চলের কিছু অংশে এখনো সতর্কতা বজায় রাখা হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছেন দার্জিলিঙের জেলাশাসক ও শিলিগুড়ির মেয়র।