তারেক রহমানের ‘ফ্যামিলি কার্ড’ ম্যাজিকেই কি কপাল ফিরল বাংলাদেশের সাধারণ মানুষের?

নিউজ ডেস্ক : বাংলাদেশের তেরোতম জাতীয় সংসদ নির্বাচনে বিশাল জয় পেয়ে ক্ষমতায় ফিরছে বিএনপি। ২০৯টি আসনে জয়লাভের পর আগামিকালই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন তারেক রহমান। এই পালাবদল কি সাধারণ মানুষের ভাগ্য ফেরাবে? বিশ্লেষকদের মতে, বিএনপি-র দেওয়া ‘ফ্যামিলি কার্ড’-এর প্রতিশ্রুতিই খেটে খাওয়া মানুষের মনে বড় আশা জাগিয়েছে। এর মাধ্যমে প্রত্যেক পরিবারকে সরাসরি আর্থিক সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে, যা বাজারের আগুন দামের সময়ে সাধারণ মানুষের দৈনন্দিন পকেট বা বাজেটে বড় স্বস্তি দিতে পারে।
নারীর ক্ষমতায়ন থেকে শুরু করে বেকারদের চাকরি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইনি সংস্কারের অঙ্গীকার করেছে নতুন সরকার। ঢাকা থেকে বুলেট ট্রেন চালানো বা দুর্নীতিমুক্ত প্রশাসনের মতো সাহসী ঘোষণাগুলো যদি সত্যিই বাস্তবায়িত হয়, তবে সাধারণ নাগরিকের জীবনযাত্রার মান আমূল বদলে যেতে পারে। তবে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে জামায়াত প্রশ্ন তোলায় রাজনৈতিক উত্তেজনা এখনও কাটেনি। ১৭ বছরের নির্বাসন কাটিয়ে আসা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ কি শেষ পর্যন্ত এক নতুন ও স্থিতিশীল অর্থনীতির পথে হাঁটবে, সেটাই এখন দেখার।