তারেকের শপথের পরদিনই ঢাকা সফরে ওজিল ও বিলাল এর্দোগান: নেপথ্যে কোন লক্ষ্য?
নতুন সরকার গঠনের পরদিনই জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার মেসুট ওজিল ও তুরস্কের প্রেসিডেন্ট পুত্র বিলাল এর্দোগান আচমকা ঢাকা সফরে এসেছেন। বুধবার সকালে তারা তুরস্কের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা ‘টিকা’-র একটি মেডিকেল সেন্টার উদ্বোধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। সফরটি নিয়ে আগে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না থাকায় কূটনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে।
মূলত তুর্কি সংস্থা ‘টিকা’-র আর্থিক সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত মেডিকেল সেন্টারটির উদ্বোধনই ছিল এই সফরের মূল উদ্দেশ্য। ফুটবল থেকে অবসরের পর ওজিল বর্তমানে তুরস্কের ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সক্রিয় সদস্য। উদ্বোধনী অনুষ্ঠানে টিকার চেয়ারম্যান আরন আবদুল্লাও উপস্থিত ছিলেন। ওজিলকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।
তবে এই সফর নিয়ে কূটনীতিকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তুরস্ক ঐতিহাসিকভাবে পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র এবং ‘টিকা’ সংস্থার বিরুদ্ধে অতীতে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। তারেক রহমান সরকারের সাথে ভারতের সুসম্পর্কের বার্তার মাঝেই তুরস্কের এই উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের উপস্থিতি দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।