তপন ব্লকে বেহাল রাস্তার সংস্কারের দাবিতে গ্রামবাসীদের পথ অবরোধ ও ভোট বয়কটের হুঁশিয়ারি

দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের করদহঘাট থেকে শিবডাঙ্গিঘাট পর্যন্ত দীর্ঘ ৭ কিলোমিটার রাস্তার বেহাল দশায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। রামপাড়া চ্যাঁচড়া গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর ও নওগাঁ এলাকায় প্রায় ৪০০ মিটার রাস্তা আজও কাঁচা রয়ে গিয়েছে। ফলে বর্ষায় কর্দমাক্ত রাস্তায় যাতায়াত দুষ্কর হয়ে পড়ে এবং মুমূর্ষু রোগীদের খাটিয়ায় করে হাসপাতালে নিয়ে যেতে হয়। প্রশাসনের কাছে বারবার আবেদন জানিয়েও সুরাহা না হওয়ায় শনিবার দুপুরে পথ অবরোধে শামিল হন শতাধিক গ্রামবাসী।
বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘ প্রতীক্ষার পর রাস্তার অধিকাংশ অংশ পাকা হলেও এই গুরুত্বপূর্ণ সংযোগকারী অংশটি অবহেলিত। তারা সাফ জানিয়েছেন, নির্বাচনের আগে রাস্তা সংস্কার না হলে ভোট বয়কট করবেন। রাস্তার বড় বড় গর্ত ও কাদার কারণে স্কুলপড়ুয়া থেকে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এই দাবিতে শনিবার দুপুর ১২টা থেকে লক্ষ্মীপুরে শুরু হয় তুমুল বিক্ষোভ ও পথ অবরোধ।
অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তপন থানার পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। উপস্থিত হন তৃণমূল নেতা তথা প্রাক্তন প্রধান আনসার আলি। দীর্ঘ আড়াই ঘণ্টা আন্দোলনের পর প্রশাসনের পক্ষ থেকে রাস্তা দ্রুত সংস্কারের আশ্বাস মেলায় দুপুর আড়াইটা নাগাদ অবরোধ তুলে নেন গ্রামবাসী। তবে দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়েছেন স্থানীয়রা।