ডিজিটাল সেন্সাসে সেলফ ইনিউমারেশন ও তথ্য যাচাইয়ের বিশেষ ব্যবস্থা – বর্তমান নিউজ

আগামী ১ এপ্রিল থেকে দেশজুড়ে শুরু হতে যাচ্ছে ডিজিটাল জনশুমারি বা সেন্সাসের প্রথম পর্যায়ের ‘গৃহ গণনা’ কার্যক্রম। এবারের শুমারি সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে এবং এর জন্য একটি বিশেষ অ্যাপ ও ‘সেলফ ইনিউমারেশন পোর্টাল’ চালু করা হচ্ছে। নাগরিকরা এই পোর্টালে অনলাইনের মাধ্যমে নিজেদের আর্থ-সামাজিক তথ্য প্রদান করতে পারবেন। বাংলাসহ ১৪টি আঞ্চলিক ভাষায় মোট ৩৩টি প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ থাকছে এই প্রক্রিয়ায়।
অনলাইনে তথ্য পূরণের পর নাগরিকদের একটি ১১ ডিজিটের বিশেষ আইডি প্রদান করা হবে। তবে সেলফ ইনিউমারেশন পোর্টালে তথ্য দিলেই তা সরাসরি আপলোড হবে না। গণনাকারী বা এনিউমারেটররা বাড়ি বাড়ি গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির দেওয়া আইডি যাচাই করবেন এবং সব তথ্য সঠিক থাকলে তবেই তা চূড়ান্তভাবে সিস্টেমে আপলোড করা হবে। তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতেই রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়া এই যাচাইকরণ প্রক্রিয়া বাধ্যতামূলক করেছে।
এই জনশুমারি দুটি পর্বে অনুষ্ঠিত হবে, যার প্রথম পর্যায়ে সেপ্টেম্বর পর্যন্ত চলবে গৃহ গণনার কাজ। দ্বিতীয় পর্যায়ে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে মূল জনশুমারি শুরু হবে। পশ্চিমবঙ্গসহ নির্বাচনী রাজ্যগুলোতে ভোটপ্রক্রিয়া শেষ হওয়ার পর এই কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। দ্রুত তথ্য সংগ্রহের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অনলাইনে ফরম পূরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং এই বিশাল কর্মযজ্ঞে প্রায় ৩০ লক্ষ কর্মী নিয়োজিত থাকবেন।