টিকিট না পেয়ে রচনার বিরুদ্ধে বিস্ফোরক বিদায়ী বিধায়ক অসিত মজুমদার – বর্তমান নিউজ

টিকিট না পেয়ে রচনার বিরুদ্ধে বিস্ফোরক বিদায়ী বিধায়ক অসিত মজুমদার – বর্তমান নিউজ

চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে টিকিট না মেলায় তৃণমূলের তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি তোপ দাগলেন বিদায়ী বিধায়ক অসিত মজুমদার। রবিবাসরীয় দুপুরে তিনি অভিযোগ করেন, রচনার ষড়যন্ত্রেই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর টিকিট কেটেছেন। ক্ষুব্ধ এই প্রবীণ নেতা রচনাকে ‘তিন দিনকার যোগী’ বলে কটাক্ষ করে তাঁকে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করার চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন।

অসিতবাবুর আশঙ্কা, রচনার হস্তক্ষেপে দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হচ্ছে, যার ফলে চুঁচুড়ার নতুন প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের পরাজয় হতে পারে। তিনি দাবি করেন, গত নির্বাচনে বিপুল ভোটে জিতলেও এবার বিনাকারণে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। সাংসদ তহবিলের টাকা নিয়ে বিবাদের জেরে রচনার সঙ্গে তাঁর সংঘাতের সূত্রপাত হয়েছিল বলে রাজনৈতিক মহলের ধারণা, যা শেষ পর্যন্ত টিকিট প্রাপ্তিতে বাধা হয়ে দাঁড়াল।

পাল্টা প্রতিক্রিয়ায় রচনা বন্দ্যোপাধ্যায় এই আক্রমণকে অত্যন্ত ‘হাস্যকর’ ও ‘বোকা বোকা’ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট জানান, অসিত মজুমদার এখন রাজনীতির ‘অতীত’, তাই তাঁকে নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই। বর্তমানে দল এবং নতুন প্রার্থীর জয় নিশ্চিত করাই তাঁর মূল লক্ষ্য। টিকিট না পাওয়াকে কেন্দ্র করে চুঁচুড়ায় তৃণমূলের অন্দরের এই কোন্দল এখন চরম আকার ধারণ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *