টিকিট না পেয়ে দলত্যাগী বাদুড়িয়ার বিদায়ী বিধায়ক দিলু, তুঙ্গে ঘর ওয়াপসির জল্পনা – বর্তমান নিউজ

টিকিট না পেয়ে দলত্যাগী বাদুড়িয়ার বিদায়ী বিধায়ক দিলু, তুঙ্গে ঘর ওয়াপসির জল্পনা – বর্তমান নিউজ

বাদুড়িয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী তালিকায় স্থান না পেয়ে পদত্যাগ করলেন বিদায়ী বিধায়ক কাজি আব্দুর রহিম ওরফে দিলু। রবিবার সকালে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি পাঠিয়ে তিনি তৃণমূলের প্রাথমিক সদস্যপদ ও সমস্ত পদ ছাড়ার ঘোষণা দেন। তাঁর এই আকস্মিক দলত্যাগের খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। বিশেষ করে তাঁর পুরনো দল কংগ্রেসে ফেরার সম্ভাবনা নিয়ে এলাকায় ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে।

ইস্তফাপত্রে অভিমান প্রকাশ করে বিদায়ী বিধায়ক জানিয়েছেন, দলের বর্তমান পরিস্থিতির সঙ্গে আদর্শের মিল না থাকায় তিনি এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। ২০২১ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া দিলু অভিযোগ করেন, দুর্দিনে কাজ করা কর্মীদের অবহেলা করে দলবিরোধীদের গুরুত্ব দেওয়া হচ্ছে। উচ্চ নেতৃত্বকে বারবার জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় তিনি মানসিকভাবে ব্যথিত। অন্যায়ের সঙ্গে আপস না করার বাবার আদর্শেই তিনি অনড় থাকতে চান বলে চিঠিতে উল্লেখ করেছেন।

এবার বাদুড়িয়ায় আব্দুর রহিমের পরিবর্তে বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি বুরহানুল মোকাদ্দিম ওরফে লিটনকে প্রার্থী করেছে তৃণমূল। এই ঘোষণার পর থেকেই দলীয় কর্মসূচিতে অনুপস্থিত ছিলেন দিলু। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, পৈতৃক আদর্শে ফিরে তিনি আবারও কংগ্রেসের টিকিটে নির্বাচনী ময়দানে নামতে পারেন। তবে এই জল্পনা নিয়ে সংবাদমাধ্যমের ফোনে এখনও কোনো সরাসরি প্রতিক্রিয়া দেননি বিদায়ী এই বিধায়ক। মানুষের সেবায় অবিচল থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *