জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে ভারত, মৈত্রী পাইপলাইনে যাচ্ছে আরও ডিজেল – বর্তমান নিউজ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে সৃষ্ট জ্বালানি সংকটের মধ্যেও প্রতিবেশী দেশ বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে ভারত। ঢাকার পক্ষ থেকে অতিরিক্ত ডিজেল সরবরাহের আবেদনের প্রেক্ষিতে ইতিবাচক সাড়া দিয়েছে নয়াদিল্লি। ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আসামের নুয়ালিগড় শোধনাগার থেকে এই জ্বালানি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যে আরও ৬ হাজার টন ডিজেল বাংলাদেশে পৌঁছাবে। এপ্রিল মাসজুড়ে আসাম থেকে মোট ৪০ হাজার টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে পাঠানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবারই ভারত থেকে ৫ হাজার টন ডিজেল বাংলাদেশে এসে পৌঁছেছে।

বাংলাদেশে বছরে প্রায় ৪০ লাখ টন ডিজেলের চাহিদা রয়েছে, যার বড় অংশই আমদানির ওপর নির্ভরশীল। দীর্ঘ বিরতির পর মৈত্রী পাইপলাইন দিয়ে পুনরায় এই সরবরাহ শুরু হওয়ায় বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা মজবুত হবে বলে আশা করা হচ্ছে। অভ্যন্তরীণ চাহিদা বজায় রেখেই বন্ধুপ্রতিম দেশ হিসেবে এই সহযোগিতা অব্যাহত রেখেছে ভারত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *