জ্বালানি সংকটের আবহে মুম্বইতে সিলিন্ডার বোঝাই গাড়ি থেকে দুঃসাহসিক চুরি – বর্তমান নিউজ

পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সংকট ঘনীভূত হয়েছে, যার আঁচ লেগেছে ভারতেও। দেশজুড়ে রান্নার গ্যাসের তীব্র হাহাকারের মধ্যেই মুম্বইয়ের কান্দিভালি এলাকায় একটি সরবরাহকারী গাড়ি থেকে সিলিন্ডার চুরির ঘটনা প্রকাশ্যে এসেছে। এই চুরির ঘটনায় স্থানীয় জনমানসে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
ডেলিভারি কর্মী নন্দকুমার রামরাজ সোনির অভিযোগ অনুযায়ী, তিনি রাতে কাকা কেনি চকের কাছে সিলিন্ডার বোঝাই গাড়িটি রেখেছিলেন। পরদিন সকালে দেখা যায়, গাড়ির জানলার কাচ ও পেছনের তালা ভেঙে ২৭টি এলপিজি সিলিন্ডার লুট করা হয়েছে। এর মধ্যে পাঁচটি সিলিন্ডার গ্যাসপূর্ণ ছিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বেশ কয়েকজন সন্দেহভাজন ও কিছু গাড়িকে চিহ্নিত করা হয়েছে। প্রাথমিক অনুমান, চিহ্নিত ওই গাড়িগুলো ব্যবহার করেই সিলিন্ডারগুলো পাচার করা হয়েছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।