জ্বালানি তেলে লিটার প্রতি ১০ টাকা অন্তঃশুল্ক কমাল কেন্দ্র – বর্তমান নিউজ

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকটের মধ্যে দেশের বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে পেট্রল ও ডিজেলের ওপর লিটার প্রতি ১০ টাকা অন্তঃশুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। এর ফলে পেট্রলের শুল্ক ১৩ টাকা থেকে কমে ৩ টাকায় দাঁড়িয়েছে এবং ডিজেলের ক্ষেত্রে তা শূন্যে নেমে এসেছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, সাধারণ মানুষকে মূল্যবৃদ্ধির হাত থেকে রক্ষা করতেই সরকার আর্থিক ক্ষতি স্বীকার করে এই পদক্ষেপ নিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের জন্য সরাসরি দাম না কমলেও রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলোর (ওএমসি) বিশাল আর্থিক ক্ষতি লাঘব হবে। আন্তর্জাতিক অস্থিরতায় আমদানিকৃত তেলের খরচ বাড়লেও ঘরোয়া বাজারে দাম অপরিবর্তিত রাখতে এই শুল্ক ছাড় কার্যকর ভূমিকা নেবে। এর ফলে আপাতত দেশে জ্বালানি তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই বললেই চলে, যা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকারকে সহায়তা করবে।
এদিকে ভূ-রাজনৈতিক উত্তেজনা ও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধার আশঙ্কার মাঝেও কেন্দ্র দেশবাসীকে আশ্বস্ত করেছে। পেট্রোলিয়াম মন্ত্রকের তথ্য অনুযায়ী, ভারতে বর্তমানে ৬০ দিনের চাহিদার সমপরিমাণ অশোধিত তেল মজুত রয়েছে। এছাড়া আমেরিকা ও রাশিয়া থেকে দ্রুত গ্যাসবাহী জাহাজ বন্দরে পৌঁছানোর প্রক্রিয়া শুরু হওয়ায় আগামী এক মাস রান্নার গ্যাসের কোনো সংকট হবে না বলে জানানো হয়েছে।