জাল ইনভয়েস চক্রের পর্দাফাঁস হলদিয়া থেকে গ্রেপ্তার মূল পান্ডা

জিএসটি ফাঁকি দিতে জাল ইনভয়েস তৈরির অভিযোগে দীপক চণ্ডক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল হলদিয়া কমিশনারেটের সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (সিজিএসটি) দপ্তর। সোমবার দীর্ঘ জেরার পর বয়ানে অসঙ্গতি মেলায় তাঁকে হেফাজতে নেওয়া হয়। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে নামসর্বস্ব বা ‘কাগুজে’ কোম্পানি খুলে কোটি কোটি টাকার ভুয়ো লেনদেন চালানোর মূল কারিগর হিসেবে চিহ্নিত হয়েছেন এই ধৃত ব্যক্তি।
তদন্তে জানা গেছে, গ্রামের সাধারণ মানুষকে সরকারি প্রকল্পের টোপ দিয়ে তাঁদের আধার, প্যান ও ভোটার কার্ড সংগ্রহ করত একটি বিশেষ চক্র। সেইসব নথি দীপকের কাছে পৌঁছালে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের অজান্তেই তাঁদের নামে ভুয়া কোম্পানি ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতেন। এই কাজে বিভিন্ন ব্যাংক আধিকারিকের যোগসাজশ থাকার অভিযোগও উঠেছে। সই জাল করে খোলা এই অ্যাকাউন্টগুলির মাধ্যমেই চলত অবৈধ কারবার।
জিএসটি দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, এই কাগুজে কোম্পানিগুলোর নামে ইস্যু করা জাল ইনভয়েস পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যে বিক্রি করা হতো। এর আগে গ্রেপ্তার হওয়া এক অভিযুক্তের সূত্র ধরেই দীপকের সন্ধান মেলে। জেরায় তিনি নথি জাল করে ভুয়া সংস্থা খোলার কথা স্বীকার করেছেন। এই বড়সড় আর্থিক প্রতারণা চক্রে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।