জলপাইগুড়িতে বৃদ্ধা খুনের কিনারা পুলিশের জালে ঘরজামাই, এখনো নিখোঁজ কাটা মুণ্ড – বর্তমান নিউজ

জলপাইগুড়িতে বৃদ্ধা খুনের কিনারা পুলিশের জালে ঘরজামাই, এখনো নিখোঁজ কাটা মুণ্ড – বর্তমান নিউজ

জলপাইগুড়ির বাহাদুর পঞ্চায়েত এলাকার চেকরচণ্ডী কামাতে সামিজা খাতুন (৭৩) নামে এক বৃদ্ধাকে নৃশংসভাবে গলা কেটে খুনের ঘটনায় তাঁর মেজ জামাই আলামিন হককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত যুবক ওই বাড়িতেই ঘরজামাই থাকতেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ তাঁর স্ত্রী হাসিনা বিবিকেও জিজ্ঞাসাবাদ করছে। গত শনিবার বৃদ্ধার ঘরের পিছন থেকে তাঁর মস্তকহীন দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

তদন্তকারীদের দাবি, ধৃত আলামিন হক ইতিমধ্যে নিজের অপরাধ স্বীকার করেছেন। তবে এই হত্যাকাণ্ডের নেপথ্যে সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ নাকি ‘কালা জাদু’র মতো কোনো কুসংস্কার দায়ী, তা খতিয়ে দেখছেন জেলা পুলিশের আধিকারিকরা। ফরেন্সিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে এবং খুনের প্রকৃত মোটিভ উদ্ধারে ধৃতকে আরও জেরা করা হচ্ছে।

পুলিশ কুকুর, ড্রোন এবং সিভিল ডিফেন্স কর্মীদের নামিয়ে তল্লাশি চালানো হলেও বৃদ্ধার কাটা মুণ্ড ও খুনে ব্যবহৃত অস্ত্রটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) শৌভনিক মুখোপাধ্যায় জানিয়েছেন, অপরাধী দেহাংশ ও অস্ত্র লুকানোর যে নির্দিষ্ট স্থানের কথা জানিয়েছেন, সেখানে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। দ্রুত রহস্যভেদের বিষয়ে আশাবাদী প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *