জটেশ্বরে ‘বিজেপি বয়কট’ পোস্টার ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা, চাঞ্চল্য এলাকায় – বর্তমান নিউজ

মঙ্গলবার ফালাকাটা ব্লকের জটেশ্বর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩/১৫০ নম্বর বুথের কাঁঠালবাড়ি এলাকায় “বয়কট বিজেপি” লেখা পোস্টারকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পোস্টার উদ্ধারের পর থেকেই দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে শুরু হয়েছে পাল্টাপাল্টি অভিযোগের পালা।
বিজেপির পক্ষ থেকে সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তোলা হয়েছে। গেরুয়া শিবিরের দাবি, রাজনৈতিক ফায়দা লুটতে এবং এলাকায় বিভ্রান্তি ছড়াতে তৃণমূলের কর্মীরাই পরিকল্পিতভাবে এই পোস্টার লাগিয়েছেন। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে রাজনৈতিক অস্থিরতা তৈরি করতেই এই পদক্ষেপ বলে তারা অভিযোগ করেছে।
অন্যদিকে, বিজেপির আনা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তাদের পাল্টা দাবি, এই পোস্টার বিতর্কের সাথে দলের কোনো সম্পর্ক নেই। মূলত নির্বাচনের প্রাক্কালে ফালাকাটার এই অঞ্চলটিতে এখন রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে।