জইশ প্রধান মাসুদ আজহারের ভাই তাহির আনোয়ারের রহস্যজনক মৃত্যু, শোকের ছায়া জঙ্গি শিবিরে – বর্তমান নিউজ

জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারের ভাই মহম্মদ তাহির আনোয়ারের রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। দীর্ঘকাল ধরে সংগঠনের জঙ্গি কার্যকলাপের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকা আনোয়ারের মৃত্যুর সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। পাকিস্তান ভিত্তিক এই জঙ্গি সংগঠনটি আনোয়ারের মৃত্যুর খবর স্বীকার করলেও, এটি কোনো অসুস্থতা নাকি অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের হামলা, সে বিষয়ে নীরবতা বজায় রেখেছে। সোমবার গভীর রাতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর শহরের জামিয়া মসজিদ উসমান ওয়ালিতে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকেই জইশ-ই-মহম্মদ ধারাবাহিকভাবে কোণঠাসা হয়ে পড়েছে। এর আগে বাহাওয়ালপুরে জইশের সদর দফতর ও বিভিন্ন জঙ্গি ঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর নিখুঁত হামলায় মাসুদের পরিবারের একাধিক ঘনিষ্ঠ সদস্য ও বহু জঙ্গির মৃত্যু হয়েছিল। প্রাথমিক অস্বীকারের পর গত সেপ্টেম্বরেই পরিবারের সদস্যদের প্রাণহানির কথা প্রথমবার মেনে নেয় সংগঠনটি। একের পর এক স্বজন ও সহযোগীদের হারিয়ে মাসুদ আজহার বর্তমানে চরম অস্তিত্ব সংকটের মুখে পড়েছেন।
ভারতীয় নিরাপত্তা বাহিনীর ক্রমাগত অভিযানে জইশের সাংগঠনিক কাঠামো কার্যত তছনছ হয়ে গিয়েছে। এর আগে জামিয়া মসজিদ সুভান আল্লাহতে চালানো অভিযানে মাসুদের বোন, ভাগ্নে ও ভাগ্নিসহ পরিবারের অন্তত ১০ জন সদস্য নিহত হয়েছিল। জঙ্গি সংগঠনটিকে সমূলে বিনাশ করাই ভারতের মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে। আনোয়ারের এই আকস্মিক প্রস্থান জইশের জন্য এক বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে, যা সীমান্তপারের সন্ত্রাসবাদী নেটওয়ার্ককে আরও দুর্বল করে দেবে।