ছাব্বিশের নির্বাচনে নজরে রাজ্যের ৫ ধর্মস্থান, হিন্দু ভোটে কি বাজিমাত করবে বিজেপি? – বর্তমান নিউজ

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে হিন্দু ভোট ব্যাংক সুসংহত করতে মরিয়া ঝাঁপিয়েছ গেরুয়া শিবির। বিশেষ করে দক্ষিণেশ্বর, কালীঘাট, তারাপীঠ, তারকেশ্বর ও মায়াপুরের মতো গুরুত্বপূর্ণ তীর্থস্থান সংলগ্ন আসনগুলোতে জয় পেতে মরিয়া বিজেপি। শুভেন্দু অধিকারীর মতো প্রথম সারির নেতারা সরাসরি ধর্মীয় মেরুকরণের ডাক দেওয়ায় বিশেষজ্ঞ মহলের ধারণা, এবারের নির্বাচনে ‘ধর্ম’ একটি বড় নির্ণায়ক শক্তি হয়ে উঠতে পারে।
পরিসংখ্যান অনুযায়ী, খড়দা (দক্ষিণেশ্বর), ভবানীপুর (কালীঘাট) এবং নবদ্বীপে (মায়াপুর) গত নির্বাচনে বিজেপির প্রাপ্ত ভোট ছিল উল্লেখযোগ্য। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর লড়াই এই সমীকরণকে আরও জটিল করেছে। অন্যদিকে, তারকেশ্বর ও রামপুরহাটে (তারাপীঠ) গতবার বিজেপি প্রায় ৪৩ শতাংশ ভোট পেলেও তৃণমূলের আধিপত্য বজায় ছিল। এবার এই কেন্দ্রগুলোতে প্রার্থী বদল করে ব্যবধান ঘোচানোর কৌশল নিয়েছে পদ্ম শিবির।
তবে এই জয়ের পথে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর সংখ্যালঘু ভোটারদের অবস্থান। খড়দায় ১৩ শতাংশ থেকে রামপুরহাটে প্রায় ৩০ শতাংশ পর্যন্ত মুসলিম ভোটার প্রার্থীর জয়-পরাজয়ে ভাগ্যবিধাতা হতে পারেন। তারকেশ্বরের মতো আসনে সংখ্যালঘু ভোট কম থাকায় বিজেপি সুবিধাজনক অবস্থানে থাকলেও, নবদ্বীপ ও ভবানীপুরে তৃণমূলের শক্ত ঘাঁটিতে ফাটল ধরানোই এখন গেরুয়া শিবিরের প্রধান লক্ষ্য। এই হাই-ভোল্টেজ লড়াইয়ের ফলাফলের ওপরই নির্ভর করছে ছাব্বিশের মসনদ।