চিকেন’স নেক করিডোর ও অনুপ্রবেশ ইস্যুতে মমতার সরকারকে বিঁধে অমিত শাহের ‘চার্জশিট’ – বর্তমান নিউজ

তৃণমূল কংগ্রেস সরকারের ১৫ বছরের শাসনের বিরুদ্ধে ৩৫ পাতার এক চাঞ্চল্যকর ‘চার্জশিট’ পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই প্রতিবেদনে দাবি করা হয়েছে, তৃণমূলের ‘ভোটব্যাঙ্কের রাজনীতি’ এবং তোষণের নীতির কারণে উত্তরবঙ্গের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘চিকেন’স নেক’ করিডোরের নিরাপত্তা আজ চরম সংকটে। জনবিন্যাসের পরিকল্পিত পরিবর্তন দেশের জাতীয় নিরাপত্তার জন্য এক অশনিসংকেত বলেও সেখানে উল্লেখ করা হয়েছে।
অমিত শাহ সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে অভিযোগ তোলেন যে, অনুপ্রবেশের মাধ্যমেই এই অঞ্চলের ভারসাম্য নষ্ট করা হয়েছে। তিনি আরও জানান, ইন্দো-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ৯টি জেলার জমি বিএসএফ-এর হাতে তুলে দিতে গড়িমসি করছে রাজ্য প্রশাসন। স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে কেন্দ্র একাধিকবার অনুরোধ করলেও রাজ্য তাতে কর্ণপাত করেনি।
পাল্টা জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিপূর্বে বারবার অনুপ্রবেশের দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ বিএসএফ-এর ওপরই চাপিয়েছেন। তবে শাহের দাবি, শিলিগুড়ি অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং উত্তর-পূর্ব ভারতের এই প্রবেশপথের নিরাপত্তায় কোনো আপস করা হবে না। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের প্রাক্কালে অনুপ্রবেশ ও জাতীয় নিরাপত্তাকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ আরও শাণিত করল বিজেপি।