চাপানউতোর তুঙ্গে: শাহকে ‘দিল্লির জমিদার’ বলে তোপ মমতার – বর্তমান নিউজ

রাজ্য রাজনীতিতে এখন ‘চার্জশিট যুদ্ধ’ তুঙ্গে। শনিবার কলকাতায় তৃণমূল সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৩৫ পাতার চার্জশিট পেশ করতেই পালটা সরব হয়েছে ঘাসফুল শিবির। শাহের অভিযোগের জবাবে ‘মোটা ভাই জবাব চাই’ শীর্ষক পালটা নথি প্রকাশ করেছে শাসকদল। এই আবহে শাহের নাম না করে তাঁকে ‘দিল্লির জমিদার’ বলে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, দিল্লির কোনো ‘জমিদার’ বাংলার মানুষের অধিকার ছিনিয়ে নিতে পারবে না। তাঁর দাবি, রাজ্যের বিরুদ্ধে হওয়া সমস্ত ষড়যন্ত্র ও চক্রান্ত ব্যর্থ হবে। তৃণমূল নেত্রীর মতে, সাধারণ মানুষের আশীর্বাদ ও দোয়ায় সকল অনিষ্টকারীর গুপ্ত মন্ত্রণা ভেস্তে যাবে। বঞ্চনার বিরুদ্ধে মানুষ ব্যালটেই কড়া জবাব দেবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।
শনিবার যখন অমিত শাহ নিউটাউনের সভা থেকে রাজ্য সরকারকে বিঁধছিলেন, মুখ্যমন্ত্রী তখন ব্যস্ত ছিলেন জেলা সফরের প্রচারে। দিনে একাধিক জনসভা করে নিজের জননেত্রী ভাবমূর্তি বজায় রাখছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের মুখে চার্জশিটকে হাতিয়ার করে দুই যুযুধান পক্ষ একে অপরকে এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ।