চকোলেট সস দিয়ে হাত ধোয়া! রেস্তরাঁয় অভিনব থেরাপিতে মজেছেন ভোজনরসিকরা

খাবার খাওয়ার আগে সাবান নয়, বরং হাত ধুতে দেওয়া হচ্ছে ঘন চকোলেট সস। আমেরিকার ওয়াশিংটন ডিসি ও মিয়ামির ‘এলসিয়েলো’ রেস্তরাঁয় শুরু হয়েছে এই অদ্ভুত ‘চকোলেট থেরাপি’। প্রধান শেফ হুয়ান ম্যানুয়েল ব্যারিএন্তোসের মস্তিষ্কপ্রসূত এই আইডিয়া বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এই প্রক্রিয়ায় টেবিলে বসা অতিথির দুই হাতে চকোলেট সস ঢেলে দেন ওয়েটাররা। শৈশবের স্মৃতি উসকে দেওয়া এই অভিজ্ঞতায় অনেকেই হাত ধোয়ার বদলে চকোলেট চেটে স্বাদ গ্রহণ করেন। কর্তৃপক্ষের মতে, এটি কোনো প্রথা নয় বরং গ্রাহকদের সম্পূর্ণ ভিন্ন ও ইউনিক অনুভূতি দেওয়ার একটি বিশেষ মাধ্যম।
ব্যস্ত জীবনে শৈশবের নির্ভেজাল আনন্দ ফিরে পেতে ভোজনরসিকরা বড় অঙ্কের টাকা খরচ করতেও দ্বিধা করছেন না। এই চকোলেট থেরাপি-সহ আহারের অভিজ্ঞতার জন্য গ্রাহকদের গুনতে হচ্ছে প্রায় ২৮৯ ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৬ হাজার টাকার সমান। অভিনব এই বিপণন কৌশল এখন বিশ্বজুড়ে নেটিজেনদের নজর কাড়ছে।