ঘাতক গাড়ির ধাক্কায় প্রাণ গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ও বাবার

ঘাতক গাড়ির ধাক্কায় প্রাণ গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ও বাবার

পশ্চিম মেদিনীপুরের দাঁতনে ১৬ নম্বর জাতীয় সড়কে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো বাবা ও ছেলের। বুধবার সকালে হাসিমপুর এলাকায় বাইকে করে যাওয়ার সময় ওড়িশাগামী একটি দ্রুতগামী গাড়ি তাঁদের সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ হারান পেশায় বিদ্যুৎকর্মী হরিপদ সাউ এবং তাঁর ছেলে সোমনাথ সাউ।

মৃত সোমনাথ দাঁতন ভাগবতচরণ হাই স্কুলের কলাবিভাগের মেধাবী ছাত্র ছিল। চলতি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল সে; আগামীকাল তার সংস্কৃত পরীক্ষা হওয়ার কথা ছিল। বাবার কাজে সাহায্য করতে বেরিয়েই এই মর্মান্তিক পরিণতি ঘটে। এই ঘটনায় শালিকোঠা গ্রাম পঞ্চায়েতের বকুলতলা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা দুজনকে উদ্ধার করে দাঁতন গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে এবং চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য দেহ দুটি পাঠানো হয়েছে। হাসিমপুরের ওই মোড়ে বাঁক নেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *