গ্যাসের লাগামহীন মূল্যবৃদ্ধি ও রসিদহীন বিক্রির প্রতিবাদে বারাসতে টাকি রোড অবরোধ অটোচালকদের – বর্তমান নিউজ

গ্যাসের লাগামহীন মূল্যবৃদ্ধি ও রসিদহীন বিক্রির প্রতিবাদে বারাসতে টাকি রোড অবরোধ অটোচালকদের – বর্তমান নিউজ

এলপিজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং বিল ছাড়াই গ্যাস বিক্রির অভিযোগে বুধবার উত্তর ২৪ পরগনার বারাসাত সংলগ্ন কাজিপাড়ায় টাকি রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন অটোচালকরা। মধ্যমগ্রাম-সোদপুর রুটের কয়েকশ চালক মঙ্গলবার রাত থেকে পাম্পে লাইনে দাঁড়িয়েও বুধবার সকালে লিটার প্রতি ৮৬ টাকা দাম শুনে ক্ষোভে ফেটে পড়েন। পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তারা দীর্ঘক্ষণ রাস্তা আটকে বিক্ষোভ দেখান, যার ফলে ব্যস্ততম টাকি রোডে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষুব্ধ অটোচালকদের দাবি, কয়েকদিনের ব্যবধানে গ্যাসের দাম ৫২ টাকা থেকে বাড়িয়ে ৮৬ টাকা করা হয়েছে, অথচ যাত্রীদের থেকে বাড়তি ভাড়া নেওয়া সম্ভব হচ্ছে না। এছাড়া পাম্প মালিক চড়া দাম নিলেও বৈধ বিল দিতে অস্বীকার করছেন বলে অভিযোগ মহম্মদ সাবিরুদ্দিন ও অভিজিৎ পোদ্দারের মতো চালকদের। অন্যদিকে, পাম্প মালিক জিয়াউদ্দিন মল্লিকের দাবি, আন্তর্জাতিক বাজারে সংকটের কারণে তাদের বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে, যার প্রভাব খুচরো বিক্রিতে পড়ছে।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বারাসাত থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশি হস্তক্ষেপে এবং পাম্প কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে এলপিজি আমদানিতে টান পড়ায় স্থানীয় পাম্পগুলোতে এই সংকট তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে দফায় দফায় মূল্যবৃদ্ধিতে সাধারণ চালকদের নাভিশ্বাস ওঠার উপক্রম হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *