গাজোলে জাল আধার কার্ডসহ বাংলাদেশি যুবক গ্রেপ্তার; পুলিশি হেফাজতে ধৃত

গাজোলে জাল আধার কার্ডসহ বাংলাদেশি যুবক গ্রেপ্তার; পুলিশি হেফাজতে ধৃত

রাজ্যে ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) কড়াকড়ির মধ্যেই মালদহের গাজোল থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল পুলিশ। সোমবার রাতে ১২ নম্বর জাতীয় সড়কের পাণ্ডুয়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় ফিরোজ শেখ নামে ওই যুবককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অসংলগ্ন কথাবার্তা বলায় তাকে থানায় নিয়ে গেলে অবৈধ অনুপ্রবেশের বিষয়টি প্রকাশ্যে আসে।

জেরায় ধৃত স্বীকার করেছে, প্রায় এক বছর আগে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে সে। এরপর একটি জাল আধার কার্ড তৈরি করে গুজরাটে নির্মাণ শ্রমিকের কাজ শুরু করে। সম্প্রতি পরিচয়পত্র যাচাইয়ে প্রশাসনিক নজরদারি বৃদ্ধি পাওয়ায় ধরা পড়ার ভয়ে সে বাংলায় ফিরে আসে। গাজোল এলাকায় আত্মগোপনের জন্য সে ভাড়া বাড়ির সন্ধান করছিল বলে পুলিশ সূত্রে খবর।

মঙ্গলবার ধৃতকে আদালতে পেশ করে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। এই ঘটনার নেপথ্যে কোনো সংগঠিত জাল নথি তৈরির চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতের থেকে উদ্ধার হওয়া জাল আধার কার্ডটি কোথায় এবং কার সাহায্যে তৈরি করা হয়েছিল, তা জানার চেষ্টা করছে গাজোল থানার পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *