গাছের গায়ে পেরেক ঠুকলে এবার থেকে আর কলকাতায় দোকান খুলতে পারবেন না ভুটিয়ারা

নিউজ ডেস্ক : কলকাতার ফুটপাথে ভুটিয়াদের শীতবস্ত্রের পসরা বহু বছরের চেনা ছবি। তবে এবার সেই ব্যবসার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, দোকান তৈরির জন্য রাস্তার ধারের বড় বড় গাছগুলোতে গজাল ও লোহার হুক ফুটিয়ে মারাত্মক ক্ষতি করা হয়েছে। পরিবেশ আইন অনুযায়ী যা দণ্ডনীয় অপরাধ। ফলে আগামীতে এই বিক্রেতাদের জন্য কড়া গাইডলাইন আনতে চলেছে প্রশাসন।
পরিবেশ রক্ষায় কলকাতা পুরসভা এখন কঠোর অবস্থান নিচ্ছে। মেয়র পারিষদ দেবাশিস কুমার স্পষ্ট জানিয়েছেন, যারা গাছের ক্ষতি করবে তাদের আর নতুন করে ব্যবসার অনুমতি দেওয়া হবে না। ভুটিয়াদের ব্যবসার ওপর বহু মানুষের শীতের পোশাকের চাহিদা নির্ভর করলেও, পরিবেশের তোয়াক্কা না করলে বড় জরিমানা বা নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে তাদের। সাধারণ মানুষের জন্য এটি একদিকে যেমন পরিবেশ সচেতনতার বার্তা, অন্যদিকে শীতের বাজারের চেনা আমেজ হারানোর শঙ্কা।