খারাপ আবহাওয়ায় কলকাতা বিমানবন্দরে বিমান বিভ্রাট, দেরিতে নামল অমিত শাহের বিমান – বর্তমান নিউজ

প্রবল প্রাকৃতিক দুর্যোগ ও খারাপ আবহাওয়ার কারণে কলকাতা বিমানবন্দরে বিমান পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। শনিবার সকাল থেকেই একাধিক অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান নির্দিষ্ট সময়ে ওঠানামা করতে পারেনি। পরিস্থিতি এতটাই প্রতিকূল ছিল যে, বেশ কিছু বিমানকে আকাশসীমা থেকে ঘুরিয়ে অন্য বিমানবন্দরে অবতরণ করাতে বাধ্য হন কর্তৃপক্ষ।
কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, দুবাই, ব্যাংকক, হায়দ্রাবাদ এবং বেঙ্গালুরু থেকে আসা বিমানগুলো সঠিক সময়ে অবতরণ করতে পারেনি। দীর্ঘক্ষণ আকাশে চক্কর কাটার পর সেগুলোকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়। রানওয়েতে দৃশ্যমানতা কমে যাওয়ায় এবং ঝোড়ো হাওয়ার কারণে বিমান চলাচলে এই অচলাবস্থা তৈরি হয়, যার ফলে কয়েকশো যাত্রী চরম ভোগান্তির শিকার হন।
আবহাওয়া বিভ্রাটের কবলে পড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিমানও। শুক্রবার রাত ১২টা ২৫ মিনিটে তাঁর বিমানটি কলকাতায় নামার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। নির্ধারিত সময়ের প্রায় ৫৫ মিনিট পর, রাত ১টা ২০ মিনিটে তাঁর বিমানটি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। বর্তমানে বিমানবন্দরের পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।