ক্ষেপণাস্ত্র শক্তিতে নয়া মাইলফলক: সলিড-ফুয়েল ইঞ্জিনের সফল পরীক্ষা চালাল উত্তর কোরিয়া – বর্তমান নিউজ

আন্তর্জাতিক উত্তেজনার আবহে ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধিতে বড় পদক্ষেপ নিল উত্তর কোরিয়া। কিম জং উনের উপস্থিতিতে সম্প্রতি একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন সলিড-ফুয়েল ইঞ্জিনের সফল পরীক্ষা চালানো হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-র দাবি অনুযায়ী, কার্বন ফাইবার কম্পোজিট উপাদানে তৈরি এই ইঞ্জিনের সর্বোচ্চ থ্রাস্ট ২,৫০০ কিলোটন, যা আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী। দেশের কৌশলগত সামরিক শক্তি মজবুত করার লক্ষ্যেই এই বিশেষ পরীক্ষাটি পরিচালনা করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই প্রযুক্তির মূল লক্ষ্য হলো একাধিক ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করা, যা আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে কার্যকর হবে। সলিড-ফুয়েল প্রযুক্তিতে উৎক্ষেপণের আগে আলাদা করে জ্বালানি ভরার প্রয়োজন হয় না, ফলে এই ধরনের ক্ষেপণাস্ত্র দ্রুত মোতায়েন করা যায় এবং শত্রুপক্ষের রাডারে ধরা পড়া কঠিন। এটি উত্তর কোরিয়ার পাঁচ বছরের সামরিক উন্নয়ন পরিকল্পনার একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্প্রতি কিম জং উন উত্তর কোরিয়াকে একটি স্থায়ী পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছেন। ইরান-ইজরায়েল সংঘাতের এই অস্থির সময়ে পিয়ংইয়ংয়ের এমন সামরিক তৎপরতা বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। বিশেষ করে আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম-এর পাল্লা বৃদ্ধির মাধ্যমে মার্কিন মূল ভূখণ্ডে আঘাত হানার সক্ষমতা অর্জন করাই কিমের প্রধান লক্ষ্য বলে মনে করছেন আন্তর্জাতিক কূটনীতিকরা।