ক্যানিংয়ে রাসায়নিক ভর্তি ড্রাম বিস্ফোরণ: দগ্ধ ৪ স্কুলছাত্র, আশঙ্কাজনক ১

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে রাস্তা সংস্কারের কাজে ব্যবহৃত রাসায়নিক ভর্তি ড্রাম বিস্ফোরণে গুরুতর জখম হয়েছে চার স্কুলছাত্র। খড়গাছি প্রাথমিক বিদ্যালয়ের ওই পড়ুয়ারা রাস্তার পাশে খেলার সময় পরিত্যক্ত ড্রামটি আচমকা ফেটে যায়। দাহ্য পদার্থের সংস্পর্শে এসে ৮ থেকে ১০ বছর বয়সী চারজনই দগ্ধ হয়।
ঘটনার পর আহতদের নলমুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তিনজনকে কলকাতার এমআর বাঙুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সাদিকুল মোল্লা নামে এক ছাত্রের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। স্থানীয়দের অভিযোগ, জনবহুল এলাকায় বিপজ্জনক লোহা ও তেলের ড্রাম অরক্ষিত অবস্থায় ফেলে রাখাতেই এই ভয়াবহ বিপত্তি ঘটেছে।
খবর পেয়ে বিধায়ক শওকত মোল্লা ও পুলিশ আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ, এলাকায় মোতায়েন করা হয়েছে বম্ব ও ডগ স্কোয়াড। শিশুদের নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।