কৃষ্ণনগর উত্তরে বিজেপির প্রার্থী নেই! ‘গড়’ নিয়ে ক্ষোভ ও হতাশায় গেরুয়া কর্মীরা – বর্তমান নিউজ

কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রটি বিগত কয়েক বছর ধরে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হলেও, বর্তমান নির্বাচনে দলের প্রার্থী ঘোষণা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। ২০১৯ ও ২০২৪ সালের লোকসভা এবং ২০২১ সালের বিধানসভা ভোটে এই কেন্দ্রে বড় ব্যবধানে জয়ী হয়েছিল বিজেপি। তবে আসন্ন নির্বাচনের জন্য তিন দফার প্রার্থী তালিকা প্রকাশিত হলেও কৃষ্ণনগর উত্তরের নাম না থাকায় ক্ষুব্ধ ও হতাশ নীচুতলার কর্মীরা। এমনকি সোশ্যাল মিডিয়ায় প্রার্থীর ‘সন্ধান চাই’ লিখে ট্রোল করতেও ছাড়ছেন না অনেকে।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনভ ভট্টাচার্য এবং সিপিএমের অদ্বৈত বিশ্বাস ইতিমধ্যেই জোরকদমে প্রচার শুরু করেছেন। তৃণমূল প্রার্থীর ব্যাপক জনসংযোগের বিপরীতে বিজেপির মাঠ ফাঁকা থাকায় রাজনৈতিক লড়াইয়ে পদ্ম শিবির পিছিয়ে পড়ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপি প্রার্থী দিতে ভয় পাচ্ছে এবং মানুষ এবার উন্নয়নের পক্ষে রায় দেবে। যদিও বিজেপির জেলা মুখপাত্রের দাবি, প্রার্থী দ্রুত ঘোষণা করা হবে এবং ফলাফলের বিষয়ে তারা আত্মবিশ্বাসী।
প্রার্থী বিভ্রাটের পাশাপাশি এই কেন্দ্রে ভোটার তালিকায় ব্যাপক রদবদল নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। খসড়া ও চূড়ান্ত তালিকা মিলিয়ে প্রায় ২৬ হাজার ভোটারের নাম বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা এবারের নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে। ২০২১ সালের নির্বাচনেও বিজেপি প্রার্থীর প্রচার কম থাকা সত্ত্বেও তারা জয়ী হয়েছিল, তবে এবার তৃণমূল ও বামেদের আগাম প্রচার এবং বিজেপির ঘরোয়া কোন্দল কৃষ্ণনগর উত্তরের রাজনৈতিক সমীকরণ বদলে দেয় কি না, এখন সেটাই দেখার।